স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে স্বামীর মারে যুবকের মৃত্যু
দি নিউজ লায়ন ; স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে স্বামীর মারে প্রাণ হারালেন এক যুবক। এই ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত স্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গোপাল সর্দার। গত ১০ জানুয়ারী রাতে বালি থানার লালবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় এলাকার বাসিন্দা গোপাল সর্দার (৪৩), তাঁর স্ত্রী এবং ছেলেকে নিয়ে গত ৪ জানুয়ারি কুলপিতে তাঁর এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে গিয়েছলেন ওই এলাকারই এক গ্যারেজের কর্মী অমল হালদার(২৮)।
সেখানে গোপালের সন্দেহ হয় অমলের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই নিয়ে সেই আত্মীয়ের বাড়িতে অশান্তি শুরু করেন গোপাল। অশান্তি করে রাগে তিনি ৭ জানুয়ারি একাই বাড়ি ফিরে আসেন। তার স্ত্রী ও অমল ১০ তারিখ রাতে বালিতে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পরই অমলের সঙ্গে গোপালের বচসা বাধে। অভিযোগ, সেই সময় হঠাৎই গোপাল কাঠের শক্ত লাঠি দিয়ে অমলের মাথায় সজোরে আঘাত করে।
ঘটনাস্থলেই অমল লুটিয়ে পড়েন। রক্তে ভেসে যায় ঘরের মেঝে। আশঙ্কাজনক অবস্থায় অমলকে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রথমে ডায়মন্ডহারবার হাসপাতাল ও পরে এনআরএসে নিয়ে যাওয়া হয়।
সেখানেই সোমবার আমল মারা যান। এই ঘটনার পর মৃত অমলের পরিবারের লোকজন গোপালের বিরুদ্ধে বালি থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অমলকে হত্যার অভিযোগে গোপাল সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২(খুন) ধারায় মামলা রুজু হয়েছে।

Post a Comment